BNP নাম অন্য কোন নতুন সংগঠন করলে ব্যবস্থা নেওয়া হবে: রিজভী

 

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছবি: সংগ্রহকৃত

বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো সংগঠন করলে এর সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, দলের কোনো নেতা-কর্মী যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায়, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।


সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনারা সংস্কার করুন। কিন্তু নির্বাচনের তারিখ বলতে আপনাদের এত সংশয় হচ্ছে কেন? গণতন্ত্র হচ্ছে- যা কিছু হবে জনগণের কাছে সেটা স্পষ্ট বলতে হবে। মানুষ তো এসব বিষয়ে সন্দেহ করে। আপনারা সংস্কারের জন্য কমিশন করলেন, সব করলেন- এটা কত দিনের মধ্যে রিপোর্ট দেবে, কত দিনের মধ্যে একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন হবে। নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে কোন দলকে ভোট দেবে, কে সরকার গঠন করবে। স্পষ্টতা এবং পথরেখা এই দুইটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম শর্ত। আপনারা সময়সীমা বলতে গড়িমসি করছেন। এইটা তো মানুষ সন্দেহের চোখে দেখছে।

রিজভী বলেন, শেখ হাসিনা তার ক্ষমতাকে নিরাপদ রাখতে এমন কোনো পদ্ধতি নেই যে তিনি অবলম্বন করেননি। বাংলাদেশের সন্ত্রাসী, চোর, বদমাইশ, ডাকাতদেরকে তিনি বিচারের আওতায় আনেননি। শেখ হাসিনার অন্যায়ের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে যারা কথা বলেছেন, তাদের ধরে তিনি কারাগারে নিয়েছেন। এভাবে তিনি রাজত্ব করতে চেয়েছেন তার গদিকে রক্ষার জন্য।

এ সময় আরও ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।


Post a Comment

0 Comments